দুই মাস পর চালু হলো দ্বিতীয় সাবমেরিন ক্যাবল
পটুয়াখালীর কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ার দুই মাস আট দিন পর পুনরায় চালু হয়েছে সিমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশন।
শুক্রবার সকাল থেকে কুয়াকাটা হয়ে বাংলাদেশে যুক্ত হওয়া সেই কেবল দিয়ে ডেটা সরবরাহ শুরু হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মেদ।
তিনি জানান, সিমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেয়া হয়েছিল। সিমিউই-৪ থেকে আগামি দু এক দিনের মধ্যে সিমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।
অপরদিকে মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান জানানা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিমিউই-৫ কেবলটি মেরামত শেষে শুক্রবার সকাল থেকে পুরোদমে কার্যকর হয়েছে। সব মিলিয়ে দুই মাসের বেশি সময় লাগল এটি কার্যকর করতে।
এর আগে ২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট দেয়ার লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন যাত্রা শুরু করে। তবে গত ২০ এপ্রিল রাত ১২টার পর কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) কাটা পড়ে। সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ক্যাবলটি। এতে ওই কেবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুরের মধ্যেকার সব ডেটার আদান প্রদান বন্ধ ছিল। তখন দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই- ৪ এবং অন্যান্য বিকল্প দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হয়।
বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ আসে মূলত গভীর সমুদ্রের মধ্য দিয়ে আসা দুটো সাবমেরিন কেবলের মাধ্যমে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। দ্বিতীয় সাবমেরিন কেবল ঢুকেছে কুয়াকাটা হয়ে।
প্রসঙ্গত, দেশের মোট ব্যান্ডউইথ ব্যবহার এখন ৫ হাজার জিবিপিএস। দুই সাবমেরিন ক্যাবলের বাইরে প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) মাধ্যমে স্থল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা হয়। ২০২৫ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৬ থেকে আরও ১৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত হবে।







